বায়ু দূষণে বছরে মারা যাচ্ছে ৭০ লাখ মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জলবায়ু পরিবর্তনকে এ বছরের বিশ্বের শীর্ষ হুমকি হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০১৯ সালে পৃথিবীর জন্য ১০টি হুমকির তালিকা প্রকাশ করে সংস্থাটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তালিকায় বায়ু দূষণকে স্বাস্থ্যের জন্য বড় ধরণের হুমকি হিসেবেও উল্লেখ করা হয়েছে। প্রতি দশজনের নয়জনই এখন বিষাক্ত বায়ুতে আক্রান্ত বলে এটি জানায়।

ডব্লিউএইচও-এর প্রতিবেদনে বলা হয়, সূক্ষাতিসূক্ষ রাসায়নিক কনা শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়াকে অকেজো করে দিচ্ছে। ফুসফুস, হৃত্পিণ্ড ও মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর ৭০ লাখের মতো মানুষ মারা যাচ্ছে।

এসব মৃত্যুর ৯০ শতাংশই ঘটছে নিম্ন ও মধ্য আয়ের দেশে। দেশগুলোতে বেশিমাত্রায় কলকারখানা, যানবাহন ও গৃহস্থলীয় ক্ষতিকর ধোঁয়া এ সব মৃত্যুকে তরান্বিত করছে।

জ্বালানি তেল পোড়ানো যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে বড় ধরনের জলবায়ু পরিবর্তন ঘটবে। এসময় প্রতি বছর আরও আড়াই লাখ মানুষের মৃত্যু বৃদ্ধি পাবে।

২০১৮ সালের অক্টোবরে জেনেভায় ডব্লিউএইচও আয়োজিত বায়ু দূষণ ও স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রথম বিশ্ব সম্মেলনে একাধিক দেশ ও সংগঠন পৃথিবীকে বায়ু দূষণমুক্ত করার অঙ্গীকার করে।

এ বছর সেপ্টম্বরে অনুষ্ঠিতব্য সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়ে জোরালো পদক্ষেপ নেওয়ার আশা প্রকাশ করছে সংস্থাটি। প্যারিস চুক্তিতে বিশ্বের উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে তাও যদি অর্জন করা সম্ভব হয় তাহলে পৃথিবীর উষ্ণতা এ শতাব্দীতে আশাব্যঞ্জকভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।