বিএনপি নিজেদের অবস্থাকে লেজেগোবরে করে তুলেছে: কাদের

বিএনপিকে দুর্বল দল ভাবেন না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক, পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কিন্তু তাদের (বিএনপির) কর্মকাণ্ড দলটিকে এলোমেলো, লেজেগোবরে করে তুলেছে’। বিএনপি অভ্যন্তরীণ কোন্দলেই ভাঙবে বলে দাবি তার।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘এলেঙ্গা-হাটিকমরুল-রংপুর মহাসড়ক চারলেনে উন্নীতকরণ’ প্রকল্পের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে  অভিযোগ করে বলেছেন, সরকার নিরন্তরভাবে বিএনপিকে ভাঙার চক্রান্ত করেই যাচ্ছে।

এর প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘দেখুন, বিএনপির যা পারফরম্যান্স আন্দোলনে, নির্বাচনে; তাতে সরকারের এমন কী প্রয়োজন আছে? বিএনপির এখন যে নড়বড়ে, এলোমেলো অবস্থা, এ রকম একটা দলকে ভেঙে দিতে হবে’।

তিনি আরো বলেছেন, ‘আমরা তো একটা স্ট্রং অপজিশন চাই। তারা সংসদে আসুক এটাও আমরা চাই। যে কজনই আছে। আমরা তো তাদের স্বাগত জানিয়েছি সংসদে আসতে’।

সেতুমন্ত্রী বলেছেন, ‘বিএনপি যদি ভাঙনের মুখে যায়, তাহলে বিএনপির ঘরোয়া কলহ-কোন্দলের জন্য বিএনপি ভাঙবে। আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে ফেলার’।

বিএনপির মধ্যে ভাঙন শুরুর ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেছেন, ‘ইতিমধ্যে তাদের নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলছে। তাদের নিজেদের মধ্যে ভাঙনের সুর। যাদের নিজের ঘরেই শত্রু, তাদের সঙ্গে শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনো প্রয়োজন আছে বলে কেউ মনে করে না।’

সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট থাকবে না বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, ‘ঐক্যফ্রন্ট একটা জগাখিচুড়ি। এই জগাখিচুড়ি ঐক্য থাকবে না, এটা সবাই জানে।’

ক্ষমতাসীন দলের এই নেতা আরো বলেছেন, ‘বিএনপি না আসলে ইতিমধ্যে তো জাতীয় পার্টি অপজিশনের ভূমিকায় চলে গেছে। ১৪ দলের যারা সংসদে আছেন, তারাও সিদ্ধান্ত নিয়েছেন, স্ট্রং অপজিশনের ভূমিকায় তারা থাকবেন। কাজেই বিরোধী দল থাকবেই। তারপরও যদি বিএনপি আসে তাহলে আরও কণ্ঠ যোগ হবে। অপজিশনের কণ্ঠ সোচ্চার হবে। সেটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো।’

মহাজোট ও ১৪ দল, দুটোরই নেতৃত্বে আওয়ামী লীগ। নৌকা প্রতীকে ভোট করেছে তারা। তাহলে তারা কীভাবে বিরোধী দলে যায়? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দল তো ভিন্ন। একটা প্রতীক নিয়ে তারা নির্বাচন করেছে। কিন্তু তারা যদি এখন মনে করে, তারা অপজিশনের রোল প্লে করবে, এটা তাদের অপশন। দে কেন ডু ইট।’

 এর আগে আসন্ন উপজেলা ও ঢাকা সিটি নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে বিএনপি বৃহস্পতিবার রাতে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির জন্য নির্বাচন থেমে থাকবে না, প্রতিদ্বন্দ্বিতার লোকও থাকবে। প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন হবে না। অন্যান্য দল আছে না? শুধু কি বিএনপিই একমাত্র অপজিশন? আরও দল আছে।’