রাজধানীর মগবাজারে চারটি খাবার হোটেলে অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে মগবাজারের ‘ক্যাফে ডি তাজ’, ‘ভর্তা ভাত’, ‘ঘরোয়া’ ও ‘থ্রি স্টার’ হোটেলে অভিযান চালিয়ে বাসি-পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে আর্থিক দণ্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক এস এম সাখাওয়াত হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘ক্যাফে ডি তাজ’ এ বাসি খাবার পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশ, রান্না ও কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে পাওয়া গেছে। তেলাপোকা দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। এ অভিযোগে হোটেল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমনা করা হয়েছে। টাকা দিতে না পারায় মালিককে ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি জানিয়েছেন, ‘হোটেল থ্রি স্টার’ এ বাসি খাবার, নোংরা পরিবেশ ও ইঁদুর দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। এসব অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাসি খাবার পরিবেশনের অপরাধে ‘ভর্তা ভাত’ ও ‘ঘরোয়া’ হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।