গাজীপুরে অস্ত্র-গুলিসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুরে অভিযান চালিয়ে রিপন লস্কর (৩৭) নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাতে ভোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, রিপন হত্যা, অবৈধ অস্ত্র, জমি দখল, মাদক ও চাঁদাবাজিসহ ১৬ মামলার আসামি ও এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন গতকাল বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে ভোড়া হরমুজ আলীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই এলাকার হাসান লস্করের ছেলে রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি তাজা গুলি এবং দুটি বাটনযুক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তা মামুন বলেন, তার বিরুদ্ধে জয়দেবপুর থানাসহ গাজীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, জমি দখল, মাদক ও চাঁদাবাজিসহ ১৬টি মামলা রয়েছে।