জমি দখলের দায়ে বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীকে জরিমানা

বরগুনার তালতলীতে সরকারি খাসজমি দখল এবং ওই জমির মাটি উত্তোলন করার অপরাধে আইএসও টেক ইলেকট্রিফিকেশন লিমিটেড ও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রকৌশলী এস এম মুরাদকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত বুধবার দুপুর দেড়টার দিকে বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ উপজেলার খোট্টার চরে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানার আদেশ দেন।

এ বিষয়ে প্রকল্প ইঞ্জিনিয়ার এস এম মুরাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। কোম্পানির সাইনবোর্ডে ব্যবহৃত নম্বরে কল দিলেও কেউ রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ বলেন, বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছিল নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় অবৈধভাবে সরকারি সম্পত্তি থেকে মাটি উত্তোলন করা হচ্ছে।