সাংবাদিকদের শামীম ওসমান

সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিক-আইনজীবীরা ভূমিকা রাখতে পারেন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের বাইরে সাংবাদিক ও আইনজীবী এই দুই শক্তি ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারেন। এরা রাজনীতিবিদদের থেকেও বেশি ভূমিকা রাখতে পারেন। জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এই এমপি আরও বলেন, ‘নারায়ণগঞ্জবাসী প্রত্যাশা করে একটি মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক মানের স্কুল, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন। এসবের জন্য যদি নারায়ণগঞ্জের সব শক্তি এক থাকেন তাহলে আমরা এই দাবিগুলো পূরণ করতে পারব।  আমার বিরোধিতা করলেও সমস্যা নেই।  কিন্তু সবাইকে ভালোর জন্য কাজ করতে হবে।

বার নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘আইনজীবীদের উদ্দেশে আমার কিছু বলার নেই।  তারা জানেন, তাদের কী করতে হবে।  আমিও আইনজীবী কিন্তু আমি এখানে ভোটার না। আমি ভোটার হলে চিন্তা করতাম, বারের সমস্যা, আইনজীবীদের যে সমস্যা সেই সমাধান করত কে? সেই সমস্যা সমাধানের জন্য যারা কাজ করবেন তাকেই আমি ভোট দিতাম। সে অনুযায়ী আমাদের জুয়েল-মোহসিন প্যানেলের সবাইকে ভোট দিতাম। কেননা তাদের ভোটটা দিলে এই কাজগুলো করতে সুবিধা হতো। তবে আমি মনে করি, নারায়ণগঞ্জ বারের দায়িত্ব এইটুকু না। সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা বারের দায়িত্ব।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা বেগম বাবলী প্রমুখ।