প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিচারক, আইনজীবীসহ সবার প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।
তিনি আরো বলেছেন, ন্যায়বিচারের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্টায় বিচার বিভাগের দায়িত্ব রয়েছে।
‘ফার্স্ট ন্যাশনাল প্রো-বোনো কনফারেন্স ইন বাংলাদেশ’ শিরোনামে বৃহস্পতিবার সুপিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানটির আয়োজন করে ‘প্রো-বোনো ল ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ নামে সংগঠন। প্রো-বোনো একটি ল্যাটিন শব্দ। দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা দেওয়ার মাধ্যমে সবার ন্যায়বিচার প্রাপ্তি বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘প্রো-বোনো পরিভাষাটি বাংলাদেশে নতুন এবং এর মাধ্যমে ন্যায়বিচারে সবার সমান অধিকারকে নিশ্চিত করা বোঝায় যা মানবাধিকারের অংশ।
তিনি আরো বলেন, ‘বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয়স্থল। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্টায় বিচার বিভাগের দায়িত্ব রয়েছে।’
প্রধান বিচারপতি বলেন, ‘বর্তমানে দরিদ্র এবং অনগ্রসর জনগোষ্ঠী ও অসহায় নারীদের আইনি সেবা দিতে বিভিন্ন এনজিও ও সরকারি লিগ্যাল এইড সেবাদানকারী প্রতিষ্ঠান কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়।’
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘আমাদের সংবিধান কোনো ধরনের বৈষম্য ব্যতীত সব মানুষের সমানাধিকার নিশ্চিত করেছে। সরকার এ লক্ষ্যে কাজ করছে।’
জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য ন্যায় বিচারপ্রাপ্তির ওপর গুরুত্বারোপ করেন কমিশনের চেয়ারম্যান। পাশাপাশি অসহায় ও দরিদ্রদের আইনি সহায়তায় প্রো-বোনো ধারনার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘শুধু টাকার পেছনে না ছুটে অসহায়-দরিদ্র মানুষকে বিনামূল্যে আইনি সেবা দিন। সংবিধান অনুযায়ী আইনের শাসন ও সুশাসন প্রতিষ্টায় ভূমিকা রাখুন।’
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বলেন, ‘অসহায়দের বিনামূল্যে আইনি সেবার বিষয়টি আমাদের দেশে এখনো অভিজাত হোটেলগুলোয় সেমিনারের মধ্যে সীমাবদ্ধ। অথচ আমাদের দেশের অনেক মানুষ মানুষ দরিদ্র ও অসহায়। তাই এসব অসহায় মানুষকে কীভাবে বিনামূল্যে আইনি সেবা দেওয়া যায় এ নিয়ে গঠনমূলক আলোচনা হওয়া উচিত।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুক্তরাজ্যের প্রো-বোনো রিসোর্স পারসন ব্যারিস্টার মোহাম্মদ মুজিবুল হক।