নাটোরে বাবা-মা-বোনকে কুপিয়েছে বখাটে

নাটোরের গুরুদাসপুরে মা, বাবা ও বোনকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে।  আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  মামলার এজাহারে জানা গেছে, অভিযুক্ত ইমন আলী উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের আকবর আলী ছেলে। মাদকাসক্ত ইমন ঘটনার সময় তার বাবার কাছে নেশা করার জন্য টাকা চায়। বাবা আকবর আলী টাকা দিতে অস্বীকার করলে স্ত্রী মেরিনার সহযোগিতায় তাকে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপায়। এ সময় তার মা বিউটি বেগম ও বোন এ্যানি খাতুন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ইমন আলীর স্ত্রী মেরিনাকে আটক করা হয়েছে। ইমনকেও আটকের চেষ্টা চলছে।