শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকড়দিঘী নান্দুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তুলেছেন সহকর্মীরা। তারা এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ অনুসারে, বিদ্যালয়ের পুকুর-জমির ইজারা থেকে আয় এবং বেতনভাতার প্রায় ৭৮ লাখ টাকার হিসাব দেননি প্রধান শিক্ষক। বারবার হিসাব দিতে বললেও তিনি গড়িমসি করছেন। ১৬ শিক্ষক-কর্মচারীর ১৫ জনই অর্থ আত্মসাতের অভিযোগ করে এর প্রতিকার চেয়েছেন।

জানতে চাইলে প্রধান শিক্ষক কবির হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘বিদ্যালয়ে সব কিছু হয় মানেজিং কমিটির সিদ্ধান্তে। আমার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ সত্য নয়।’ পরিচালনা কমিটির সভাপতি নওয়াব আলী বলেন, ‘আমি দুই বছর দায়িত্বে আছি। এ সময় পাওয়া অর্থ প্রধান শিক্ষক ও কমিটির অন্যদের সঙ্গে আলোচনা করে খরচ করা হয়েছে।’

এ ব্যাপারে পাঁচবিবির ইউএনও রাজিবুল আলম বলেন, ‘আমার কাছে অভিযোগ এসেছে, সংশ্লিষ্টদের তদন্ত করতে নির্দেশ দিয়েছি।’ জেলা শিক্ষা অফিসার ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, ‘দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে, প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’