নওগাঁর সাপাহারে কয়েকটি ক্লিনিকে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসক ও নার্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা অস্ত্রোপচার কক্ষ ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় তিনটি ক্লিনিকে এ জরিমানা করা হয়। গত বুধবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী এ অভিযান পরিচালনা করেন।
সবুর আলী দেশ রূপান্তরকে জানান, অভিযানে সাথী সেবা ক্লিনিকে ৫০ হাজার, শাওন ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার এবং দি পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর নির্দেশে এ অভিযান চালানো হয় জানিয়ে সবুর আলী বলেন, সাপাহারে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।