মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করা চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে টিম বিজেএমসিকে রাশান ফরোয়ার্ড দেনিস বলশেকভের একমাত্র গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।
ঢাকায় ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দু’দলই গোলের বেশ কিছু সুযোগ মিস করেছে পুরো ম্যাচে। ৪১ মিনিটে চট্টগ্রাম আবাহনীর সেরা সুযোগটা নষ্ট করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড মাগালান আওয়ালা। বক্সের বাইরে থেকে তার জোরালো শট ফিরিয়ে দেয় ক্রসবার। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। মোনায়েম খান রাজুর কর্নারে গাম্বিয়ান মোমোদু বার হেড জালে জড়ায়। গোল পরিশোধে রহমতগঞ্জ মরিয়া আক্রমণ চালায়। ফলটা তারা পেয়েছে ৮০ মিনিটে। অ্যাটাকিং পার্টনার ড্যামিয়েন চিগোজির কাটব্যাকে কঙ্গোলিজ সিও জুনাপিও গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচের শেষ মুহূর্তে নাজমুল ইসলামের কর্নারে ডিফেন্ডার কেষ্ট কুমারের ব্যাকহেড সাইডবারে লাগলে জয়বঞ্চিত হয়ে মাঠ ছাড়তে হয় চট্টগ্রাম আবাহনীকে।