গাজীপুরে সাব রেজিস্ট্রি অফিসে নথি তছনছ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে গত বুধবার রাতে নথিপত্র তছনছের ঘটনা ঘটেছে। 

কোনো নথি চুরি হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে  এটি চুরির ঘটনা নয় বলে দাবি করেছেন স্থানীয় দলিল লেখকরা। তাদের ধারণা, গুরুত্বপূর্ণ নথি গায়েব করতে সাব-রেজিস্ট্রির অফিসের কর্মকর্তা বা কর্মচারীদের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। 

সাব-রেজিস্ট্রার খোন্দকার গোলাম কবির জানান, বৃহস্পতিবার সকালে নৈশপ্রহরী আইয়ুব খান অফিসের তালা ভাঙা দেখতে পেয়ে তাকে জানায়। অফিস জুড়ে দলিল ও গুরুত্বপূর্ণ ফাইল মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল বাছেদ জানান, গত কয়েক দিন আগে তার অফিসেও দলিলপত্র তছনছ করা হয়েছিল।