অধিকার সুরক্ষায় বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিচারক, আইনজীবীসহ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব। ন্যায়বিচারের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিচার বিভাগের দায়িত্ব রয়েছে।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত প্রথম জাতীয় ‘প্রো-বোনো’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি। ‘প্রো-বোনো লইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এ আয়োজন করে। প্রো-বোনো একটি ল্যাটিন শব্দ। এটি দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা দেওয়ার মাধ্যমে সবার জন্য ন্যায়বিচার বোঝায়।
সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বর্তমানে দরিদ্র-অনগ্রসর জনগোষ্ঠী ও অসহায় নারীদের আইনি সেবা দিতে বিভিন্ন এনজিও ও সরকারি লিগ্যাল এইড সেবাদানকারী প্রতিষ্ঠান কাজ করছে, যা প্রশংসনীয়।’
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, ‘আমাদের সংবিধান কোনো ধরনের বৈষম্য ব্যতীত সকল মানুষের সমানাধিকার নিশ্চিত করেছে। সরকার এ লক্ষ্যে কাজ করছে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ
আইনজীবী আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার মোহাম্মদ মুজিবুল হক প্রমুখ।