সমুদ্র সৈকতে মদ্যপান বা রান্না করলে জরিমানা দিতে হবে, ভারতের গোয়া সরকার এমনটি আইন করেছে। এ মাসের শেষের দিকে বিধানসভার অধিবেশনে এটি পাস হতে পারে বলে জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী মনোহর আজগোঙ্কার।
এনডিটিভি জানায়, এ আইনে শুধু জরিমানাই নয়, থাকছে তিন মাস পর্যন্ত জেলও। রেজিস্ট্রেশন অফ ট্যুরিস্ট ট্রেড আইনের সংশোধনের মাধ্যমে এ আইন করতে যাচ্ছে রাজ্য সরকার।
মন্ত্রী মনোহর বলেন, এখন থেকে কেউ সমুদ্র সৈকতে বা পর্যটন কেন্দ্রে মদ্যপান করতে পারবে না। এছাড়া রান্নাও করা যাবে না। এ নিয়ম না মানলে অভিযুক্তদের দুই হাজার রুপি জরিমানা দিতে হবে। জেলও হতে পারে।
তবে একজন অভিযুক্তের জন্য এ জরিমানা। যদি দলগতভাবে কেউ এ কাজ করে তখন জরিমানার পরিমান হবে দশ হাজার রুপি।
কেউ এ আইন ভাঙ্গছে কীনা প্রশাসনের পক্ষ থেকে তা মনিটরিং করা হবে। তবে যে কেউ চাইলে হোয়াটস অ্যাপের মাধ্যমে পর্যটন দপ্তরকে অভিযোগ জানাতে পারবে।
এদিকে রাজ্য সরকারের এমন আইনে সমালোচনা করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক গোয়া সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। সেখানে সমুদ্র সৈকতকে আরও বেশি পর্যটনবান্ধব না করে রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে তাদের মত।