পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থী বাছাই বিকেলে

উপজেলা পরিষদ নির্বাচনের জন্য দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের প্রার্থী বাছাই হচ্ছে। পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজে শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২৬৫ তৃণমূলের কর্মী গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

এর আগে গত ২০ জানুয়ারি রোববার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত হয়।  

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের উপজেলা কমিটির ৬৭ জন, উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভার ৯৯ ওয়ার্ডের সভাপতি, সম্পাদকসহ ২৬৫ জন ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন। 

দলীয় সূত্রে আরও জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন- চেয়ারম্যান পদে- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংগঠনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল রায়হান।

ভাইস চেয়ারম্যান পদে- উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য গোলাম রসুল মিন্টু, উপজেলা যুবলীগের সম্পাদক আমিনুর মোমিনীন মোমিন, বেলাইচন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী রবিউল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুখশানা বারী রুকু, সাধারণ সম্পাদক সুলতানা নাসরিন ও যুগ্ম সম্পাদক মাহাবুবা খাতুন।