মহিউদ্দিন সোহেল হত্যা মামলায় টেডি দিদার গ্রেপ্তার

চট্টগ্রামে গণপিটুনির নামে সাবেক আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেলকে খুনের ঘটনায় মো. দিদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাহাড়তলী বাজার এলাকায় ‘টেডি দিদার’ নামে পরিচিত। বৃহস্পতিবার রাতে তাকে নগরীর সিটি গেইট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিদারকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

ওসি আরও বলেন, ‘দিদার মহিউদ্দিন সোহেলকে ছুরিকাঘাত করেছে। সুরতহাল রিপোর্টে মহিউদ্দিনের শরীরে ২৬টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। মহিউদ্দিন সোহেলকে খুন করার জন্য যে স্কোয়াড গঠন করা হয়েছিল সেই কিলিং স্কোয়াডের সদস্য ‘টেডি দিদার’। তিনি এলাকায় মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।’

উল্লেখ্য, ৭ জানুয়ারি সকালে নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে মহিউদ্দিন সোহেলের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ও বাজারের ব্যবসায়ীরা জানান, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ী ও জনতা মহিউদ্দিন সোহেলকে গণপিটুনি দেওয়ায় তার মৃত্যু হয়েছে।