ভোলায় বৃদ্ধাকে বাড়ি থেকে তুলে নিয়ে শ্বাসরোধে হত্যা

ভোলা সদর উপজেলার নাসির মাঝি গ্রামে হাজেরা বেগম (৫৫) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে তার ১০ বছরের নাতিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার রাতে ওই গ্রামে পণ্ডিত বাড়ির নিজ বাসা থেকে তুলে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় দুর্বৃত্তরা।

নিহতের স্বজন আবুল কালাম ও স্থানীয়রা জানান, স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম মিন্টু পণ্ডিতের স্ত্রী হাজেরা বেগম প্রতিদিনের মতো রাতের রান্না তৈরি করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে হাজেরা বেগম এবং তার ১০ বছর বয়সী নাতিকে এলোপাতাড়ি মারধর শুরু করে। হাজেরা বেগমের নাতি তৃতীয় শ্রেণির ছাত্র রাব্বি পালিয়ে ঘরে থাকা ধানের গোলার মধ্যে গিয়ে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা হাজেরাকে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি ভবনে নিয়ে তার পরিধেয় কাপড় গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। গায়ের স্বর্ণ অলংকার নিয়ে চলে যায়।

নিহতের স্বামী রাতে ঘরে এসে আহত রাব্বিকে অচেতন অবস্থায় দেখতে পান এবং স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে তাকে পাশের নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশ সুপার মোকতার হোসেন জানান, খুনি কোনোভাবেই পার পাবে না। দুর্বৃত্তদের ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।