আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপি উপজেলা নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। দেশে অনেক রাজনৈতিক দল আছে, আমার মনে হয় নির্বাচন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে আত্মহননের মতো কাজ করেছিল। এবার উপজেলা নির্বাচনে না গেলে সেই একই কাজ হবে।
ড. হাছান মাহমুদ বলেছেন বিএনপি দলগতভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য সব সময় নাচতে না জানলে উঠান বাঁকার মতো। ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির যে ধস নামানো পরাজয় হয়েছে, এরপর তারা আসলে নির্বাচনে যাওয়ার সাহস পাচ্ছে না। এটি হচ্ছে মূল বিষয়।
হাছান মাহমুদ আরও বলেন, কে নির্বাচনে অংশ নেবে, কে নেবে না, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই। কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে দেশে সরকার গঠিত হয়েছিল। তারা পাঁচ বছর দেশ পরিচালনা করেছে। সুতরাং উপজেলা নির্বাচনেও যদি তারা না যায়, নির্বাচন থেমে থাকবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শেখ তন্ময় প্রমুখ।