জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ‘প্রতারণামূলক’ অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাতে সাংবাদিকদের তিনি এ প্রতিক্রিয়া দেন। এর আগে সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভাষণে তিনি সব দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তার ভাষণে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ ব্যাখ্যা করেন। পাশাপাশি তার দল আওয়ামী লীগ কেন বিপুল ব্যবধানে জয়ী হয়েছে সেই যুক্তিও উপস্থাপন করেন।
এরপর রাতে দেওয়া প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি। ক্ষমতাসীনরা নজিরবিহীন ভোট ডাকাতি করেছে, যা ইতিপূর্বে বাংলাদেশ কখনো দেখেনি। সেই ভোটের মাধ্যমে তারা ক্ষমতা আবার দখল করে নিয়েছেন। এখন বলছেন বিরোধী দলকে পার্লামেন্টে যাওয়ার জন্য। বিএনপি মনে করে, এটা আরো একটা প্রতারণ। জনগণকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে।
একাদশ সংসদে যাওয়ার বিষয়ে দলের অবস্থান আবারও পরিষ্কার করে মির্জা ফখরুল বলেছেন, বিএনপি ফলাফল প্রত্যাখ্যান করেছে। তাই এই মুহূর্তে সংসদ যাওয়ার বা শপথ নেওয়ার প্রশ্ন উঠতে পারে না।
তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন।
মির্জা ফখরুল বলেছেন, প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমাণ হয়েছে তারা আসলে কোনো বিজয় অর্জন করেনি, জনগণের ভোটকে ডাকাতি করে ক্ষমতা দখল করে বসেছেন। সঠিক ভোটে জিতলে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না।
তিনি আরো বলেছেন, ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন দেশের বক্তব্যে এসেছে যে, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি এবং এখানে মানুষের মতামতের প্রতিফলন হয়নি।