স্যামসাংয়ের গ্যালাক্সি এস ১০ বাজারে আসার আগেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। খবর রটেছে, সামনের ২০ ফেব্রুয়ারি এটি বাজারে চলে আসবে। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে স্যামসাং ইভেন্ট বা গ্যালাক্সি সিরিজের দশম বর্ষপূর্তি। সেখানে ফোনটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। তার আগেই বিভিন্ন গণমাধ্যমে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে নানা তথ্য তুলে ধরা হচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিএনইটি বলছে, এটি আসলে প্রতিষ্ঠানটির কৌশল। ব্যবহারকারীদের দৃষ্টি কাড়তে আগেভাগে বিভিন্ন খবর রটানো হচ্ছে।
বাজারে আসছে, আসছে না
২০ ফেব্রুয়ারি ওই অনুষ্ঠানে গ্যালাক্সি এস১০ বাজারে ছাড়ার ঘোষণা নাও দেওয়া হতে পারে। কেননা প্রতিষ্ঠানটি এখনো নিশ্চিত করে কিছু বলেনি। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ‘১০’ সংখ্যাটিকে প্রচার করা হয়েছে। তা থেকে অনেকে ধারণা করছেন, হয়তো গ্যালাক্সি এস১০ বাজারে আসছে।
এস১০-এর পরিবর্তে গ্যালাক্সি এক্সও ওইদিন বাজারে ছাড়া হতে পারে। এটি হলে এস ১০-এর প্রচার বেড়ে যাবে। ফোনটি বরং বাজারে আসতে পারে মার্চের ৮ তারিখের দিকে!
গ্যালাক্সি এস১০ তিন মডেলে
বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হচ্ছে, এস১০ তিন মডেলে বাজারে আসছে গ্যালাক্সি এস১০, গ্যালাক্সি এস১০ প্লাস, গ্যালাক্সি এস১০ লাইট।
এস১০ এস৯-এর মতো একই সাইজের হতে পারে। স্ক্রিন হতে পারে ৬.১ ইঞ্চি। এস১০ প্লাস হতে পারে এস৯ প্লাসের উত্তরাধিকারী। ডিসপ্লে বেশ বড়, ৬.৪ ইঞ্চি হতে পারে। ক্যামেরা থাকতে পারে চারটি। ব্যাটারি হবে বড়।
এস১০ লাইট হতে পারে আইফোন এক্সআর মডেলের আদলে। ৫.৮ ইঞ্চির ডিসপ্লের ফোনটি ছোট এবং আইফোনের চেয়ে কম দামি হতে পারে।
ফাইভ জি সমর্থিত গ্যালাক্সি এস১০ এক্স
কোরিয়ার একটি সংবাদমাধ্যমে গুজব ছড়ানো হয়েছে গ্যালাক্সি এস১০ সিরিজে ফাইভ জি সমর্থিত সেট আনা হচ্ছে। যার নাম হবে গ্যালাক্সি এস১০ এক্স। মার্চ নাগাদ এটি বাজারে আসতে পারে।
পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
নতুন গ্যালাক্সি এস১০-এ পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে বলেও খবর রটে গেছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পানি কিংবা ময়লার ভেতরে ব্যবহারকারীর হাতের ছাপ শনাক্ত করতে পারবে।
ছয় ক্যামেরা
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গ্যালাক্সি এস১০-এর পেছনে চারটি এবং সামনে দুটি ক্যামেরা লেন্স থাকবে।
রাতে বেলায় ভালো ছবি
অল্প আলোতে ছবি তুলতে ‘ব্রাইট নাইট মোড’ যুক্ত করতে পারে এস১০।
মূল্য
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে এই ফোনটির মূল্য বাংলাদেশি মুদ্রায় ৭০ হাজার ৮৯৭ থেকে এক লাখ ৪৮ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
এসব তথ্য কতটুকু সত্য হবে, সেটি জানতে হলে ব্যবহারকারীদের আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। অন্তত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তো বটেই।