ময়মনসিংহ সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার গেজেট প্রকাশের পর সিটি নির্বাচনের পথ খুলেছে। বিধান অনুযায়ী, আগামী ১৩ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে হবে দেশের সর্বশেষ ঘোষিত এই সিটির নির্বাচন।
গেজেটে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। সাধারণ ওয়ার্ড নির্ধারণে বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা ঠিক রেখে বাকি ওয়ার্ড সংযোজন করা হয়েছে। নতুন ১২ ওয়ার্ডের সীমানা হচ্ছেÑ২২নং ওয়ার্ডে বিলুপ্ত বয়ড়া ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সম্পূর্ণ অংশ, ২৩নং ওয়ার্ডে সুতিয়াখালী ও বেলতলী, ২৪নং ওয়ার্ডে বয়ড়া ইউনিয়নের ৭ ও ৯নং ওয়ার্ড এবং ছভাগিয়া ও ছালাকান্দি, ২৫নং ওয়ার্ডে দিঘারকান্দা ও ফকিরাকান্দা, ২৬নং ওয়ার্ডে উজান বাড়েরা (আকুয়া ইউনিয়নের আগের ৩নং ওয়ার্ডের অংশ), কান্দাপাড়া, মধ্যবাড়েরা, ভাটিবাড়েরা ও শিকারিকান্দা, ২৭নং ওয়ার্ডে আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অংশ) ও মোড়লপাড়া, ২৮নং ওয়ার্ডে চুকাইতলা, আকুয়া দক্ষিণপাড়া (আকুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অংশ), ২৯নং ওয়ার্ডে উত্তর দাপুনিয়া (দাপুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংশ), কলাপাড়া (দাপুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংশ), হাড় গুজিরপাড়, দাপুনিয়া ভাটিপাড়া (পশ্চিম) (দাপুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অংশ), বাদেকল্পা (নাজিম), বাদেকল্পা (রুস্তম), উজানবাড়েরা (আকুয়া ইউনিয়নের আগের ২নং ওয়ার্ডের অংশ) ও গন্দ্রপা; ৩০নং ওয়ার্ডে খাগডহর (খাগডহর ইউনিয়নের পূর্বতন ৯নং ওয়ার্ডের অংশ), কিসমত, হাসিবাসী, বৈশাখাই, বাঘেরকান্দা, নিজকল্পা, রহমতপুর (খাগডহর ইউনিয়নের আগের ৩নং ওয়ার্ডের অংশ), ৩১নং ওয়ার্ডে জেলখানার চর (খাগডহর ইউনিয়নের আগের ৯নং ওয়ার্ডের অংশ), চরঈশ্বরদিয়া ও চরগোবিন্দপুর, ৩২নং ওয়ার্ডে চরকালীবাড়ি এবং ৩৩নং ওয়ার্ডে চরঝাওগড়া, চরগোবদিয়া ও রঘুরামপুর। ২০১৮ সালের ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদনের মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৮ সালের ১৪ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এটি বাংলাদেশের দ্বাদশ সিটি করপোরেশন।