ঢাকা উত্তর সিটি নির্বাচন

আনিসুলের অসমাপ্ত কাজ শেষ করতে চান আতিকুল

প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘প্রয়াত মেয়র আনিস ভাই ঢাকা উত্তর সিটিকে একটি উচ্চতর অবস্থানে নিয়ে গেছেন। এ জন্য নগরবাসীর আশা-আকাক্সক্ষা, চাওয়া-পাওয়াও বেড়ে গেছে। আওয়ামী লীগ যদি আমাকে নমিনেশন দেয়, ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিতে চাই মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজগুলাকে অচিরেই আপনাদের সঙ্গে নিয়ে শেষ করার চেষ্টা করব।’ একটি নন্দিত ও পরিবেশবান্ধব ঢাকা শহর গড়ে তোলার কথা জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহর থেকে জলাবদ্ধতা, যানজট ও জলজটকে আপনাদের সহযোগিতায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে যত দ্রুত সম্ভব দূর করার জন্য চেষ্টা করব।’ আওয়ামী লীগ সরকারের ইশতেহারে অন্তর্ভুক্ত দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি নমিনেশন পেয়ে ভোটে জয়যুক্ত হলে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী এই ঢাকা শহরকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় এবং ঐতিহাসিক একটি দল। এই দলে অনেকেই মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।

আতিকুল ইসলামের মনোনয়ন ফরম গ্রহণ করেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। এদিন ফরম জমা দেন আরেক মনোনয়নপ্রত্যাশী ব্যবসায়ী আদম তমিজি হক। মানবিক ঢাকা স্লোগানকে সামনে রেখে তিনি ঢাকা উত্তরের বস্তিবাসীদের জীবনমানের উন্নয়নে কাজ করতে চান। আগামী ২৮ ফেব্রুয়ারির নির্বাচনের দিন ঠিক করে ঢাকা উত্তর সিটির শূন্য মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।