উপজেলা পরিষদ নির্বাচন

পার্বতীপুরে গোপন ব্যালটে আ.লীগের প্রার্থী বাছাই

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করলেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার তারা গোপন ব্যালটের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী নির্বাচন করেন। স্থানীয় আওয়ামী লীগের উপজেলা কমিটির ৬৭ জন, ১০ ইউনিয়নের ৯০ ও পৌরসভার ৯ ওয়ার্ডের সভাপতি-সম্পাদকরা ভোট দেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। ২৬৭ ভোটারের মধ্যে ভোট দেন ২৫১ জন। সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য হাফিজুল ইসলাম প্রামাণিক (১৮৮), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সম্পাদক আমিরুল মোমিনীন মোমিন (১১১) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুখশানা বারি রুকু (১৪৩) নির্বাচিত হন।