এবার আর্সেনালকে হারাল সুলশারের ম্যানইউ

ওলে গুনার সুলশারের অধীনে একের পর এক জয় পেয়েই চলছে ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ ছন্দে থাকা দলটি এবার আর্সেনালকে হারিয়ে নিশ্চিত করেছে এফএ কাপের পঞ্চম রাউন্ড।

ফুটবলের সবচেয়ে প্রাচীন প্রতিযোগিতাটির ম্যাচে শুক্রবার রাতে আর্সেনালের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরে ইউনাইটেড। এতে সুলশারের অধীনে শতভাগ জয়ের ধারা ধরে রাখল দলটি। নতুন কোচের অধীনে এই নিয়ে গত আট ম্যাচের সবকটিতেই জয় পেল রেড ডেভিলরা।

এমিরেটস স্টেডিয়ামে ইউনাইটেডের জয়ে একটি করে গোল করেছেন আলেক্সিস সানচেস, জেসে লিনগার্ড ও অঁতোনি মার্শাল। আর্সেনালের জয়ে পিয়েরে-এমেরিক আউবামেয়াং একটি গোল শোধ করলেও পরাজয় ঠেকাতে পারেনি।

আর্সেনালের জালে প্রথম আঘাতটি হানেন তাদেরই সাবেক খেলোয়াড় সানচেস। ৩১তম মিনিটে রোমেলু লুকাকুর পানে দূরহ এক কোণ থেকে ডান পায়ের শটে ইউনাইটেডকে এগিয়ে নেন চিলিয়ান এই ফরোয়ার্ড।

তিন মিনিটের মধ্যেই ব্যবধান বাড়িয়ে নেয় অতিথি দল। ইউনাইটেডের হয়ে এবার গোলটি করেন লিনগার্ড। লুকাকুর দ্রুত গতির পাস ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ইংলিশ উইঙ্গার।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে একটি গোল করে ব্যবধান কমান আউবামেয়াং। ৪৩তম মিনিটে লাকাসঁতের পাসে ছয় গজ দূর থেকে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ১৬ মিনিট আগে আর্সেনালের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মার্শাল। দ্রুত গতির পাসে বাঁদিক থেকে ডান পায়ের জোরালো শটে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড। জয়োল্লাসে ভাসে ইউনাইটেড।