ভারতের দার্জিলিংয়ের ডুয়ার্সে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে নিহত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাইমুন কনক।
শুক্রবার সন্ধ্যায় বাতাবেড়ি মূর্তি নদীর কাছে জঙ্গল সাফারি করতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি।
কনকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন।
কনকের বাবা নূরে আলম জিকু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন। তিনি অবিভক্ত জাসদের কার্যকারী সভাপতি ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে ময়নাতদন্ত শেষে আজই কনকের মরদেহ বিমানযোগে ঢাকায় নিয়ে আসা হবে। জানাজা শেষে ঢাকাতেই তাকে দাফন করার কথা রয়েছে।
সাইমুন কনকের একমাত্র ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স অধ্যয়নরত।
কনকের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী। তবে তারা পুরান ঢাকার সদরঘাট-ওয়াইজঘাট এলাকার নবাববাড়ি সংলগ্ন পৈতৃক বাড়িতে বসবাস করতেন।