‘পুলিশ পেটানো’ সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

পুলিশকে মারধরের মামলায় গ্রেপ্তার ঢাকার পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরণকে অপসারণ করা হয়েছে। বর্তমান কমিটির সহসভাপতি রনি হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্টন থানা শাখা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হাসান মিরণের বিরুদ্ধে সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী নৈতিক স্খলনজনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বর্তমান পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, মিরণের পরিবর্তে বর্তমান কমিটির সহসভাপতি রনি হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ ও পুলিশের ওপর হামলা এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার হন নাজমুল হোসাইন মিরণ।

এ দুটি মামলায় তিনিসহ আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ওসি মাহমুদুল হক।

মঙ্গলবার পল্টনের আজাদ প্রোডাক্টস ভবনের ১৮ তলায় ওই ভবনের কর্তৃপক্ষের সঙ্গে মিরণ ও তার সঙ্গে আসা লোকজনের মারামারি করতে দেখেন।

পুলিশ মারামারি থামাতে গেলে মিরণসহ তার দল পুলিশের কাজে বাধা দেয়। এ সময় তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।