পদ্মশ্রী প্রত্যাখ্যান, মোদির ‘কৌশলে’ জল ঢাললেন গীতা মেহতা

নরেন্দ্র মোদি চেয়েছিলেন পদ্মশ্রী দিয়ে রাজনৈতিক ‘ফায়দা লুটতে’। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় লেখিকা গীতা মেহতা তাতে নারাজ। পুরস্কারের খবর শুনেই বলে দিয়েছেন, ভোটের আগে ভারত সরকারের এই গুরুত্বপূর্ণ খেতাব তিনি নিচ্ছেন না।

গীতা উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বড় বোন। দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে এনডিটিভি বলছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বোনকে পদ্মশ্রী দিয়ে নবীনকে খুশি করার কৌশল নেন মোদি সরকার। কেননা বিজু জনতা দলের সঙ্গে বিজেপির সম্পর্ক এখন পর্যন্ত মোটেও ভালো নয়।

গীতার স্বামী সোনি মেহতার সঙ্গে মাস খানেক আগে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। দুজনের সঙ্গে ৯০ মিনিটের একটি বৈঠকও করেন। গীতা ও তার স্বামী অবশ্য তখন ভেবেছিলেন প্রধানমন্ত্রী হয়তো নিজের লেখা বই প্রকাশের চিন্তা করছেন। কারণ সোনির প্রকাশনা বিভিন্ন আমেরিকান রাষ্ট্রপতিদের লেখা প্রকাশ করেছে। বিশ্বজুড়ে সেই বইয়ের কোটি কোটি কপি বিক্রি হয়েছে।

নিউইয়র্ক থেকে পাঠানো এক বিবৃতিতে গীতা বলেন, ‘ভারত সরকার আমাকে পদ্মশ্রীর যোগ্য মনে করায় আমি দারুণ সম্মানিত। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সাধারণ নির্বাচনের সময় এই পুরস্কার গ্রহণের বিষয়টি ভুল বার্তা ছড়াতে পারে, যা সরকার এবং আমাকে বিব্রত করবে। আমি খুবই দুঃখিত।’

গীতা পরবর্তীতে এই পুরস্কার গ্রহণ করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।