নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অপরাধবোধ থেকেই ভাষণে প্রধানমন্ত্রী জয়-পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন।’
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নিজের দল আওয়ামী লীগের বিজয়ের জন্য ১৪টি কারণ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে বিরোধীদের পরাজয়ের পেছনে সাতটি কারণ রয়েছে বলে মনে করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘একাদশ নির্বাচন নিয়ে যে সব রিপোর্ট এসেছে, তাতে প্রমাণিত হয়ে গেছে এটা কোনো নির্বাচনই হয়নি। নির্বাচনের নামে জাতির সঙ্গে কঠিন তামাশা করা হয়েছে।’
৩০ ডিসেম্বরের ভোটে রাষ্ট্রকে জনগণের প্রতিপক্ষ করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচনের ফলে রাষ্ট্রের ওপর জনগণের আস্থা বিনষ্ট হয়ে গেছে। এতে রাষ্ট্রের বিভিন্ন এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনের ফলে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটির ওপরই মানুষের আস্থা চলে গেছে। নির্বাচন কমিশনের ওপর আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেল।
তিনি বলেন, দেশের সব সচেতন মানুষ মনে করে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দাবি করছি, যে নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।