বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রেখে গোটা জাতীয়তাবাদী শক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ।
তিনি বলেছেন, দণ্ডপ্রাপ্তরা মুক্তি পাচ্ছে। হাজার হাজার কোটি টাকা লুটকারীদের বিচার হচ্ছে না। কিন্তু খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে। যিনি একটি টাকাও দুর্নীতি করেন নাই।
শনিবার জাতীয় প্রেসক্লাবের হক চৌধুরী হলে ২০ দলীয় জোটের এ সমন্বয়ক খালেদা জিয়ার মুক্তির দাবিতে লেবার পার্টি আয়োজিত সংহতি সমাবেশে এসব বলেছেন।
অলি আহমেদ বলেছেন, যে টাকা দুর্নীতির দায়ে তাকে জেলে রাখা হয়েছে তা তিনি দেখেনও নাই। আসলে খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হচ্ছে না। শাস্তি দেওয়া হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে। কারণ জাতীয়তাবাদী শক্তি ধ্বংস হলে বর্তমান সরকার যা মনে চায় তাই করতে পারবে।
তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ ,ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার করছে এমন অত্যাচার পাকিস্তানি স্বৈরাশাসকরাও করেনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে এলডিপি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল নির্বাচন সুষ্ঠু হবে, অংশগ্রহণমূলক হবে, আমরা বিশ্বাস করেছিলাম কিন্তু এ ধরনের ডাকাতি হবে এটা জানলে আমরা নির্বাচনে যেতাম না।
অতি উৎসাহী কিছু পুলিশ আওয়ামী লীগের কবর রচনা করছে মন্তব্য করে কর্নেল অলি বলেন, ৩০ তারিখ আসল ভোট ডাকাতি করিয়েছে প্রশাসনকে দিয়ে।
লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল সৈয়দ ইব্রাহিম, বিএনপি'র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এনডিপির চেয়ারম্যান ক্বারী মো. আবু তাহের, লায়ন মো. আনোয়ার, শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজু, এস এম ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা কাদের সিদ্দিকী প্রমুখ।