নিউজিল্যান্ডেও স্পিনের দাপট দেখাচ্ছে ভারত

প্রথম ওয়ানডের পারফরম্যান্স দ্বিতীয় ওয়ানডেতেও টেনে আনল ভারত। অবশ্য বলা ভালো, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে তার চেয়েও দুর্দান্ত রূপে দেখা দিল বিরাট কোহলির দল। টানা দুই ম্যাচ হেরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তাই পিছিয়ে পড়ল স্বাগতিক নিউজিল্যান্ড। ২-০ তে এগিয়ে গেল ভারত।

শনিবার মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ৪ উইকেটে ৩২৪ রান করে সফরকারী দল। জবাব দিতে নেমে ভারতীয় স্পিনে ভুগেছে কিউইরা। ৪০.২ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায় দলটি। প্রথম ওয়ানডের মতো উজ্জ্বল যেখানে বাঁহাতি চায়নাম্যান বোলার কুলদিপ যাদব। সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে এদিন দুর্দান্ত শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ২৫.২ ওভারে যোগ করেন ১৫৪ রান। ধাওয়ানকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। ৬৭ বলে ৯ চারে ৬৬ রান করেন ধাওয়ান।

দলীয় ১৭২ রানে ফেরেন রোহিত। ব্যক্তিগত ৮৭ রান করে লোকি ফার্গুসনের বলে কলিন ডি গ্র্যান্ডহোমকে ক্যাচ দেন এই ডানহাতি। ৯৬ বলের ইনিংসটি তিনি সাজান ৯ চার ও ৩ ছক্কায়।

এরপর ভারতীয়দের যারাই উইকেটে এসেছেন রান পেয়েছে সবাই। তিনে নেমে অধিনায়ক কোহলি ৪৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ৫ চারে। চার নম্বরে খেলতে নামা আম্বতি রাইডু খেলেছেন ৪৭ রানের ইনিংস। ফার্গুসনের বলে কট অ্যান্ড বোল্ট হওয়ার আগে ৪৯ বলের ইনিংসে তিনি হাঁকান ৩ চার ও ১ ছক্কা।

পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ৫৩ রান যোগ করেন মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব। ধোনি ৩৩ বলে ৪৮ রান করেন ৫ চার ও ১ ছক্কায়। যাদব ১০ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ২২ রান। কিউইদের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন বোল্ট ও ফার্গুসন।

জবাব দিতে নামা নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট। ৩২৫ রানে লক্ষ্য তাড়া করতে যেমন জুটি প্রয়োজন ছিল, নিজেদের মাঠেও তেমন ‍কিছু গড়তে পারেনি কিউইরা। বরং ভারতীয় স্পিনাররা দাপট দেখালেন বিদেশেও।

নেপিয়ারে ৪ উইকেট নেওয়া কুলদিপ এ ম্যাচেও নিলেন ৪ উইকেট। উইকেটে সেট হয়ে যাওয়া ৩৪ রান করা টম ল্যাথাম ও ২৮ রান করা হেনরি নিকোলসকে ফেরান কুলদিপ। মাঝে নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোমের (৩) উইকেট। ৩১তম ওভারে নিকোলস ও ইস সোদিকে ফেরান পর পর দুই বলে।

লেগ ব্রেক বোলার যুজবেন্দ্র চাহাল নেন ২ উইকেট। অফ স্পিনার কেদার যাবদ নিয়েছেন ১ উইকেট। বাকি তিন উইকেট নেন পেসাররা। ভুবনেশ্বর কুমার ২টি ও মোহাম্মদ শামি ১টি।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান ডগ ব্রেসওয়েলের। আট নম্বরে নেমে খেলেছেন ৫৭ রানের ইনিংস। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৫টি চার। ভুবনেশ্বর কুমারের শিকার হয়ে নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। তার আগেই অবশ্য ম্যাচের ফল একরকম লেখা হয়ে গেছে।

দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার হাতে উঠেছে রোহিত শর্মার। একই মাঠে সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫০ ওভারে ৩২৪/৪ (রোহিত ৮৭, ধাওয়ান ৬৬, কোহলি ৪৩, রাইডু ৪৭, ধোনি ৪৮*, যাদব ২২*; বোল্ট ২/৬১, ফার্গুসন ২/৮১)।

নিউজিল্যান্ড: ৪০.২ ওভারে ২৩৪ (মুনরো ৩১, ল্যাথাম ৩৪, ব্রেসওয়েল ৫৭; কুলদিপ ৪/৪৫, চাহাল ২/৫২, ভুবনেশ্বর ২/৪২)।

ফল: ভারত ৯০ রানে জয়ী।

ম্যাচসেরা: রোহিত শর্মা।