সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পাওয়ার ভয়েস খ্যাত কণ্ঠশিল্পী রেশমি মির্জা। রেশমির স্বামী সৌরভের বরাত দিয়ে দেশ রূপান্তরকে বিষয়টি জানিয়েছেন কণ্ঠশিল্পী কর্নিয়া।
তিনি জানান ঢাকা সিলেট হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় রেশমি আহত হয়েছেন। একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।
রেশমির স্বামী সৌরভ দাশ দেশ রূপান্তরকে বলেন, ‘গতকাল টেঙ্গুয়ার হাওর থেকে একটি শো শেষ করে ঢাকায় ফিরছিলাম, ভাড়া গাড়িতে। প্রাইভেটকারের ড্রাইভার মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ছিলেন। সে জন্য রেশমি ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসে যেন ড্রাইভার না ঘুমিয়ে যান। সিলেট থেকে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো পেরিয়েছি, ঠিক এমন সময়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকার লাগিয়ে দেয় ড্রাইভার। রেশমি যে পাশে বসেছিল সে পাশেই আঘাতটা বেশি লাগে। এতে করে রেশমির নাক মুখের মাংস ছিলে যায় ও পা ট্রাকের চাকার ভেতর ঢুকে যায়। পরে অনেক কষ্টে গাড়ি থেকে রেশমিকে বের করে রাস্তার পাশে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাই।’
এদিকে আজ ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানালেন সৌরভ। রেশমির নাক-মুখে ব্যান্ডেজ ও পায়ে প্লাস্টার করা হয়েছে। দুই সপ্তাহের মতো রেশমিকে বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছে ডাক্তাররা।
উল্লেখ্য, ‘পাওয়ার ভয়েস প্রতিযোগিতা-২০১৪’র সেরা দশে জায়গা করে নিয়েছিলেন রেশমি। এরপর নিজের সংগীত মেধা ও সুরেলা কণ্ঠের মাধ্যমে ইতিমধ্যে দর্শক শ্রোতার মধ্যে খুব ভালো একটা অবস্থান তৈরি করতে পেরেছেন। বর্তমানে স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত ছিলেন তিনি।