সরকারি কর্মকর্তার ছদ্মবেশে হুমকি প্রদান, চাঁদা দাবি ও বিভিন্ন প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইমের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- খালিদ বিন বাশার নাহিদ, আক্তারুজ্জামান ওরফে কাজল, আব্দুর রউফ ও আনিসুজ্জামান ওরফে তপন। তাদের কাছ থেকে মোবাইল ফোন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর মনোগ্রাম যুক্ত ভিজিটিং কার্ড এবং ফাঁকা জিডির কপি জব্দ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ওবাইদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, “সরকারি কর্মকর্তা কর্মচারীর ছদ্মবেশে তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তারা বিভিন্ন ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের কাছে এসএমএস পাঠায়। পরবর্তী সময়ে তারা ফোনে সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশ ধারণ করে হুমকি প্রদান করে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ছেলেমেয়েদের অপহরণ করবে বলে হুমকি দেয়।”
তিনি আরও বলেন, “এছাড়াও তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাগজপত্র জাল করে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে।”