মাধবপুরে দুই বোনকে দাহ্য পদার্থ নিক্ষেপের ঘটনায় মামলা

হবিগঞ্জের মাধবপুরে দুই বোনের ওপর দাহ্য পদার্থ নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। আহতদের ভাই বাদী হয়ে মাধবপুর থানায় গত শুক্রবার রাতে একজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও দু-তিনকে অভিযুক্ত করে মামলা করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাঘাসুরা গ্রামে ২০ ও ১০ বছর বয়সী ঘুমন্ত ওই দুই বোনের ঘরের জানালা খুলে কে বা কারা দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে বড় বোনের মুখ ও ছোট বোনের হাতসহ শরীরের কিছু অংশ ঝলসে যায়। পরদিন শুক্রবার সকালে আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুর রহমান সোহাগ জানান, পরীক্ষা না করে এটি কোন ধরনের দাহ্য পদার্থ তা বলা বলা যাচ্ছে না।

 তাই উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, বড় বোনের মুখের প্রায় ৮০ শতাংশ ঝলসে গেছে। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহতদের চাচা শাওয়াল মিয়া জানান, স্বামীকে তালাক দেওয়ায় বড় মেয়েটির সাবেক স্বামী মুমিন মিয়া ‘দেখে নেব’ বলে হুমকি দিয়েছিল। দাহ্য পদার্থ নিক্ষেপের সময় মুমিন মিয়াকে চিনতে পেরেছে তার ভাতিজি।