ঘুড়ির হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হচ্ছে দু’দিনের ঘুড়ি উৎসব। এতে আমাদের দেশের জনপ্রিয় বাংলা ঘুড়ির পাশাপাশি বিভিন্ন আধুনিক ঘুড়ি ওড়ানো হবে। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এই আয়োজন করছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঘুড়ি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। প্রাচীনকাল থেকে উৎসব, মেলা, পূজা-পার্বণে ঘুড়ি ওড়ানোর প্রচলন থাকলেও বর্তমান জীবনের জটিলতায় অনেক কিছুর মতো ঘুড়িকে আমরা ভুলতে বসেছি। এই ঐতিহ্যের প্রসার এবং বিশ্বে আমাদের ঘুড়ি সংস্কৃতি তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য। উৎসবে বিচিত্র নামের ঘুড়ি বেসাতি, ড্রাগন, ডেল্টা, মাছরাঙ্গা, ঈগল, ডলফিন, অক্টোপাস, সাপ, রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় পতাকা ইত্যাদি ওড়ানো হবে। আরও উড়বে ২৫ ফুট দীর্ঘ টেরাকোটা টেপা পুতুল, নৃত্যরত বিশাল হাওয়াই মানুষ ও ভয়ংকর ড্রাগন। সঙ্গে থাকবে আতশবাজি।