স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সোডা), কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকার মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠান তিনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান বলেন, ‘শুধু শারীরিক-মানসিক বিকাশই নয়, সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে একটি দেশ আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেতে পারে।’ এই মিলনমেলায় প্রায় তিন হাজার অংশগ্রহণকারী ছিলেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউডার সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, সোডা, কোডা ও ইউডার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুজিব খান, ইউডার বর্তমান উপাচার্য ড. রফিকুল ইসলাম শরীফ। মাঠে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন শ্রেণি ও বিভাগের স্টলে শিক্ষা সাময়িকী, গবেষণাকর্ম, শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। বিকেলে সংগীত বিভাগের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে বিভাগের ছাত্রছাত্রী, ক্লোজআপ ওয়ান তারকা, কোডার সাবেক শিক্ষক ও অভিনেতা চঞ্চল চৌধুরী গান পরিবেশন করেন। এর আগে গত ২৪ জানুয়ারি একই স্থানে সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। তাতে ইনডোর ও আউটডোর ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। সেদিনই সাত দিনব্যাপী চলা ইউডার শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়।