শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে চট্টগ্রামকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। চট্টগ্রামে আইটি পার্ক হচ্ছে, আইটি ভিলেজ হচ্ছে। আশা করি, চট্টগ্রাম ভারতের হায়দরাবাদের মতো সাইবার সিটিতে পরিণত হবে।’ গতকাল শনিবার দুপুরে দ্বিতীয় চিটাগং আইটি ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের ব্যবসায়ীদের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে হবে। ব্যবসায়ীদের এই খাতকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। চট্টগ্রামভিত্তিক ডেটা প্রসেসিং সেন্টার, ই-কমার্সে জোর দিতে হবে। এজন্য নতুন নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করে উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে আইটি খাতের উন্নয়ন করতে হবে। কারণ বর্তমানে বাজারজাতকরণ, পণ্য বেচাকেনা, গুণগত মান নিরূপণ, উৎপাদন কার্য বিশ্লেষণ সব কিছুতেই তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ছেই। ’
তিনি বলেন, ‘চট্টগ্রামের বেশিরভাগ ব্যবসায়ী সনাতন পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করেন। এতে দোষের কিছু নেই এবং ঐতিহ্যগতভাবেও চট্টগ্রামের ব্যবসায়ীরা অভিজ্ঞ। কিন্তু ভবিষ্যতে ব্যবসায়িক ঐতিহ্য ধরে রাখা কঠিন হবে যদি আইটিতে তারা সচেতন না হন। এজন্য আইটিভিত্তিক ব্যবসা পরিচালনার জন্য অবকাঠামো বাড়াতে হবে। ’ ব্যারিস্টার নওফেল বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে সারা বাংলাদেশে সরকারি খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ব্যাপক বেড়েছে।