প্রাচ্যনাট স্কুল মঞ্চে আনছে ইলিয়াসের ‘খোয়াবনামা’

বাংলাদেশের নাট্যাঙ্গনে দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে ১৯ বছর ধরে কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে একজন প্রশিক্ষণার্থী থিয়েটারের সকল আনুষঙ্গিক বিষয়ে একটি স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৩৪টি ব্যাচ সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছেন। পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে ৩৫তম ব্যাচেরও।

আগামীকাল সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন-এর ৩৫তম ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান। ৩৫তম ব্যাচ তাদের সমাপনী প্রযোজনা হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’ উপন্যাসের (অংশবিশেষ) উপস্থাপন করবে। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব এবং নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস এবং অভিনেত্রী বিপাশা হায়াত। নাট্য প্রদর্শনী ছাড়াও ওই দিন মিলনায়তনের বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।

নাটকের সংগীত পরিকল্পনা করেছেন নীল কামরুল, কোরিওগ্রাফি স্নাতা শাহরিন, মঞ্চ ও আলোক পরিকল্পনা এবি এস জেম। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফজলে রাব্বী, সৌমিক কুমার সাহা জয়, রথি দাশ গুপ্ত, সাদিয়া জান্নাত জয়া, উচ্ছ্বাস তালুকদার, সাগর বড়ুয়া, মাহবুব উর রহমান, জাহারুল ইসলাম হৃদয়, জোনায়েত ফেরদৌস প্রান্ত, সাইম বিন মুজিব, আব্দুল মুকিত রাজু, শায়লা মারিয়াম হোসেন, মনোয়ার হায়দার খান, সাজ্জাদুর রহমান, আহনাফ আবিদ রহমান, ফাইরুজা কৃষ্টি, শোয়েব আহম্মেদ শুভ, স্বর্ণালী রায় পুতুল, সাদিয়া সুলতানা হোসেন, মো. রাসেল কবির নাজমুল, আফাজ আল আরাফ, বৃষ্টি আক্তার, সিনথিয়া হাই, সৌন্দর্য প্রিয়দর্শিনী, উর্মি সাহা রায়।