ঝিনাইদহে করের বোঝা ও মানুষের আয় বৈষম্য হ্রাসের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার সকালে শহরের পায়রা চত্বরে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এ মানববন্ধনের আয়োজন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহাজালাল, উন্নয়নকর্মী শরিফা খাতুন ও জাহিদুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, ধনীদের আয় যেখানে ৮ থেকে ১০ শতাংশ বেড়েছে। সেখানে দরিদ্র শ্রেণির আয় বেড়েছে ২ থেকে ৩ শতাংশ। এতে ধনী আরো ধনী এবং গরিব আরো গরিব হচ্ছে। তারা দরিদ্র বান্ধব বাজেট প্রণয়নের দাবি জানান।
তারা বলেন, মানবসম্পদসহ অর্থনীতির অন্যান্য সুচকে বাংলাদেশ এগিয়ে আছে। অপর দিকে সমাজের ধনী-দরিদ্রের আয় বৈষম্যের ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। সিংহভাগ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। করের বোঝা আয় বৈষম্যের চালিকা শক্তি হিসাবে কাজ করছে। আর করের বোঝা কমাতে হলে ধনি শ্রেণির ওপর অধিক হারে করারোপ ছাড়া বিকল্প নেই।