ফালু-মাহবুবা দম্পতির জব্দ সম্পদের বিবরণী প্রকাশ

বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দের বিবরণী প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি দুদক থেকে ফালু-মাহবুব দম্পতির জব্দ করা সম্পদের নথি সরবরাহ করা হয়।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদেশে গত বছরের ১১ সেপ্টেম্বর ফালু-মাহবুবা দম্পতির সম্পত্তি জব্দ করা হয়।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, আদালতের আদেশের ফলে ফালু ও তার স্ত্রী মাহবুব স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম চালাতে কোনো বাধা থাকবে না।

বিবরণী অনুযায়ী মোসাদ্দেক আলী ফালুর জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে- রাজধানীর উত্তরখানে দু’টি স্থানে ৬৭ শতাংশ জমি, বড় মগবাজারের পাঁচ স্থানে ৪৫ শতাংশ জমি, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দুইটি দোকান, কাকরাইলের দুই জায়গায় ১৮ শতাংশ জমি, বাউনিয়া সাড়ে ৮২ শতাংশ নিচু জমি, তেজগাঁও শিল্প এলাকায় সাড়ে ছয় শতাংশ জমি ও দক্ষিণ শাহজাহানপুরে একটি ফ্ল্যাট। এ ছাড়া ফালুর মালিকানাধীন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি), রোজা অ্যাগ্রো  লিমিটেড, রোজা প্রোপার্টিজ লিমিটেড ও স্টার পোরসিলিন প্রাইভেট লিমিটেডের শেয়ারও জব্দ করা হয়েছে।

এ ছাড়া ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে- গুলশানে ছয়তলা বাড়ি এবং তার নামে থাকা ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি), রোজা অ্যাগ্রো লিমিটেড ও এমএএইচ সিকিউরিটিজ লিমিটেডের সকল শেয়ার।

দুদকের কর্মকর্তারা জানান, ২০১৭ সালে করা পৃথক দুই মামলার তদন্তের স্বার্থে গত সেপ্টেম্বরে আদালত থেকে ওই জব্দের নির্দেশনা দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক সৈয়দ আহমেদের আবেদনের প্রেক্ষিতে ওই আদেশ দেন আদালত।

এর আগে গত ২১ জানুয়ারি প্রায় ২২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ফালু ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। ফালুর বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ মে রমনা থানায় এই মামলা করে দুদক। মামলায় ফালুর বিরুদ্ধে ১৭ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৩৯৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অপরদিকে একই বছরের ১০ আগস্ট ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে তিন কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৪৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।