শাটডাউনে যুক্তরাষ্ট্রের ৬০০ কোটি ডলার ক্ষতি

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেদে সৃষ্ট শাটডাউনে দেশটির কমপক্ষে ৬০০ কোটি ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক গবেষণা প্রতিষ্ঠান।

নিউইয়র্ক সিটি কেন্দ্রিক বিনিয়োগ গবেষণাবিষয়ক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল জানায়, অচলাবস্থায় টানা ৩৫ দিন কেন্দ্রীয় সরকারের এক-চতুর্থাংশ দপ্তর বন্ধ থাকায় কর্মীরা বাধ্য হয়ে ছুটিতে থেকেছে। ফলে তাদের উৎপাদনক্ষমতা বন্ধ ছিল এবং তাদের সেবা থেকে বঞ্চিত ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ। এসব কারণে বড় অঙ্কের ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্র সীমান্তে অবৈধ মাদক ও অভিবাসীর অনুপ্রবেশ ঠেকাতে কংগ্রেসের কাছে ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের নিম্নপক্ষ প্রতিনিধি তার এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে।

এতে ট্রাম্পও ক্ষিপ্ত হয়ে সরকারি ব্যয় বরাদ্দ বিলে সই করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এতে বন্ধ হয়ে যায় অধিকাংশ সরকারি কার্যক্রম।

দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, এ অবস্থা এক মাসের বেশি সময় গড়ালেও ডেমোক্র্যাটরা তাদের অবস্থানে অনড় ছিলেন। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারে তিন সপ্তাহ অর্থায়নের একটি চুক্তি পাস করেন রিপাবলিকান পার্টি ও ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা। তাতে সই করে ডোনাল্ড ট্রাম্প সরকারের বন্ধ হওয়া দপ্তরগুলো চালুর পথ তৈরি করেন।