টেস্টে অলরাউন্ড র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব ও ভারতের রবীন্দ্র জাদেজাকে পেছনে ঠেলে শীর্ষে ওঠে গেছেন ইংল্যান্ডের বিপক্ষে কেনসিংটন ওভালে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়া জেসন হোল্ডার।
টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান এখন দুইয়ে। ৪১৫ রেটিং পয়েন্ট বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। ৩৮৭ রেটিং পয়েন্ট নিয়ে জাদেজা আছেন তিন নম্বরে।
নিজেদের মাঠে তিন ম্যাচ টেস্টের প্রথম ম্যাচটিকে ৩৮১ রানের দাপুটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। রানের হিসেবে সব মিলে যা তাদের দ্বিতীয় বড় জয়। আর ঘরের মাঠে সবচেয়ে বড় জয়।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া কেমার রোচ ও দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নেওয়া রোস্টন চেজকে ছাপিয়ে ম্যাচ সেরার পুরস্কারও হাতে উঠে হোল্ডারের। দ্বিতীয় ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলেন হোল্ডার। ২৮৪ মিনিটের ইনিংসে ৮ ছক্কা ও ২৩ চার হাঁকান হোল্ডার। শুধু ম্যাচ সেরাই নন, র্যাঙ্কিংয়েও বড় পুরস্কার পেলেন ক্যারিবিয়ান তারকা।
হোল্ডারের সঙ্গে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ২৯৫ রানের জুটি গড়েছিলেন শন ডরউইচ। অপরাজিত ১১৬ রানের ইনিংস খেলা এই ব্যাটার ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন, উঠে এসেছেন ৪৭ নম্বরে।
দুই ইনিংস মিলে ১১২ রান করা শিমরন হেটমেয়ার ১১ ধাপ উপরে উঠে এসেছেন। ৪০ নম্বরে এখন অবস্থান তার।
বোলিং র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ২০ নম্বরে স্থানে উঠে এসেছেন কেমার রোচ। রোস্টন চেজ ১৪ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪১ নম্বরে।