ফরিদপুর সদর উপজেলার শোভারামপুরে জনৈক নিরোদ বিশ্বাস কর্র্তৃক জাল জালিয়াতির মাধ্যমে একের পর এক অন্যের জমি প্রতারণার মাধ্যমে সহজ-সরল ক্রেতাদের কাছে বিক্রির প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। এ সময় তারা নিরীহ জনগণকে প্রতারণা থেকে মুক্ত করে জালিয়াতির হোতা নিরোদ বিশ্বাসের উপযুক্ত শাস্তি দাবি করেন।
গতকাল রবিবার সকাল ৯টার দিকে শোভারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করা হয়। এতে কয়েক শ’ গ্রামবাসী অংশ নেন। এরপর পার্শ্ববর্তী রেল সড়কের ওপর তারা প্রায় ঘণ্টাখানেক মানববন্ধন ও পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শোভারামপুর সুøইস গেট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে সাবেক ওয়ার্ড মেম্বার অসীম কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন ভুক্তভোগী হাজি আব্দুল মালেক মিয়া, অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক শেখ প্রমুখ।
অবশ্য নিরোদ বিশ্বাস অভিযোগ অস্বীকার করলেও জাল পরচা তৈরি ও কী কারণে তিনি পিবিআই-এর তদন্ত কর্মকর্তার ডাকে হাজির হচ্ছেন না সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি।