সমতায় পাকিস্তান

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে পাকিস্তান। ওয়ান্ডারার্সে এটি তাদের প্রথম জয়। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতায় ফিরল সফরকারীরা। যে কারণে সিরিজের পঞ্চম ম্যাচটি হয়ে গেল অলিখিত ফাইনাল।

আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ৪১ ওভারে অল আউট হয় মাত্র ১৬৪ রানে। জবাব দিতে নেমে ভালো শুরু করেন পাকিস্তানি দুই ওপেনার ফখর জামান ও ইমাম-উল-হক। দলীয় ৭০ রানে ফখর আউট হন ৪৪ রানে। এরপর ইমামের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন বাবর আজম। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমাম ৭১ করে আউট হলেও ৪১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর।

এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সরফরাজ আহমেদের পরিবর্তে এই ম্যাচে অধিনায়কত্ব করা শোয়েব মালিক। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন পাকিস্তানি বোলাররা। উসমান শেনওয়ারির বোলিং তোপেই প্রোটিয়ারা বড় স্কোর গড়তে পারেনি। ম্যাচসেরা শেনওয়ারি ৩৫ রানে নেন ৪ উইকেট।