ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব বহিষ্কার

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মোখলেচুর রহমানকে বহিষ্কার করেছেন সভাপতি রুহুল আমিন চৌধুরী। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে বহিষ্কার করে নতুন মহাসচিব হিসেবে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. তাইজুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

লিখিত বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘টাকা আত্মসাৎ, দুর্নীতিসহ মোখলেচুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় মহাসচিব পদ থেকে তাকে বহিষ্কার করা হলো। এর আগে গত ২২ জানুয়ারি মহাসচিব মোখলেচুর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাকে বহিষ্কার করেন, যা নিয়মবহির্ভূত।’

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম হিরণ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুল হক, হাবিবুর রহমান, মাওলানা আবু বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ছয় হাজার ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন আওয়ামী ওলামা লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মুফতি এইচ আরিফ বিল্লাহ।