‘পুলিশি সেবা সপ্তাহ’ শুরু

জনগণকে উন্নত সেবাদান এবং তা পাওয়ার পথ সহজ করতে শুরু হয়েছে পুলিশি সেবা সপ্তাহ ২০১৯। গতকাল রবিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম দেশের সব পুলিশ ইউনিটে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বাহিনীটির সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা।

তিনি জানান, পুলিশি সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছেÑ সব ইউনিটে র‌্যালি, পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত পোস্টার, ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ এবং বিগত বছরগুলোতে পুলিশের সাফল্য ও সেবার কার্যক্রম প্রদর্শন। এ ছাড়া বিডি পুলিশ হেল্পলাইন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সেবাপ্রাপ্তি, আইজিপি কমপ্লেইন সেল, নারী ও শিশুবান্ধব পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং সম্পর্কে জনগণকে অবহিত করা হবে এ কর্মসূচির মাধ্যমে।

সোহেল রানা জানান, পুলিশি সপ্তাহে ওপেন হাউস-ডে, ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবা, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা এবং ইমিগ্রেশন পুলিশের আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে প্রদর্শনীর আয়োজন করা হবে। এ ছাড়া সিটিটিসি, সোয়াট, সিডিএমএস, মাদক নির্মূল ও জঙ্গিবাদ দমনে পুলিশি কার্যক্রম এবং ট্রাফিক পুলিশের ‘ই-প্রসিকিউশন’ সম্পর্কেও জনগণকে অবহিত করা হবে।