ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে এবং উত্তর ও দক্ষিণের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য এক বছর আগে ঘোষিত তফসিলে যারা মনোনয়নপত্র তুলেছিলেন বা জমা দিয়েছিলেন তাদের মনোনয়নপত্র বৈধ। নতুন করে তাদের আর মনোনয়নপত্র তুলতে বা জমা দিতে হবে না। তবে টিন সার্টিফিকেট জমা দিতে হবে। গতকাল রবিবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন করে যে তফসিল ঘোষণা করা হয়েছে, তা আগের তফসিলের ধারাবাহিকতা। সে জন্য আগে যারা মনোনয়নপত্র নিয়েছেন বা জমা দিয়েছেন, তাদের নতুন করে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে হবে না। তবে কোনো প্রার্থী চাইলে তথ্য হালনাগাদ করে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
গত ২২ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ডিএনসিসির মেয়র এবং উত্তর ও দক্ষিণ সিটির ১৮টি করে ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে। যাতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জানুয়ারি। বাছাই ২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি আর ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি।