উত্তর সিটি নির্বাচনে জাপার মনোনয়ন ফরম বিতরণ শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। গতকাল রবিবার সকালে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করেন জাপার প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী।  

মনোনয়ন ফরম বিতরণকালে ফয়সল চিশতী বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। তাই সব নির্বাচনেই অংশগ্রহণ করে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় পার্টির প্রার্থীরা অনেক ভালো করবেন।

ফরম বিতরণের প্রথম দিনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন- ইসমাইল হোসেন (ওয়ার্ড-৩৯), শামসুল হক (ওয়ার্ড-৪৬), সাইফুল ইসলাম জুয়েল (ওয়ার্ড-৪৬), রফিকুল ইসলাম (ওয়ার্ড-৪৪), বজলুর রহমান মৃধা (ওয়ার্ড-৩৯), জাকির হোসেন হান্নান (ওয়ার্ড-৩৮), এস এম আমিনুল হক সেলিম (ওয়ার্ড-২১), জহিরুল ইসলাম মিন্টু (ওয়ার্ড-৪১), ফাইজুল ইসলাম (ওয়ার্ড-৪৪), আলাউদ্দিন আলাল (ওয়ার্ড-৫৪), বোরহান উদ্দিন (ওয়ার্ড-৫০), ইব্রাহিম হোসেন (ওয়ার্ড-৫২), মহিবুর রহমান (ওয়ার্ড-৪৩)। কাউন্সিলর পদে ১০০০ টাকা মূল্যের মনোনয়ন ফরম বিতরণ আজও (সোমবার) চলবে বলে জানান ফয়সল চিশতী।  

ফরম বিতরণ কার্যক্রমে অংশ নেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান, ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক আনিস-উর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির উদ্দিন সরকার ও হেলাল উদ্দিন।