ডিএসসিসির সভা

মন্ত্রীর সামনে ক্ষোভ ঝাড়লেন মেয়র ও কাউন্সিলররা

সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা, অসহযোগিতা ও লোকবল সংকটসহ নানা সীমাবদ্ধতার কথা জানিয়ে মন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ও ওয়ার্ড কাউন্সিলররা। মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গতকাল রবিবার সকালে ডিএসসিসি পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম। ওই সময় করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিলে মন্ত্রীকে নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা জানান তারা।

মতবিনিময় সভার শুরুতে কাউন্সিলররা মন্ত্রীকে নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলেও তাদের সঠিক মর্যাদা নেই। কাউন্সিলর নির্বাচনে হেরে অনেকে মন্ত্রী হয়েছেন, অথচ তারা নির্বাচিত হয়েও কোন মর্যাদায় আছেন জানেন না। ফুটপাতে হকার সমস্যার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, তাদের জন্য হলিডে মার্কেট চালু করা হয়েছিল। সেটাও বন্ধ হয়ে গেছে। যারা ফুটপাতে হকার বসিয়ে চাঁদাবাজি করে, তারাই হলিডে মার্কেট বন্ধ করেছে। অথচ ফুটপাতে হকারের জন্য কাউন্সিলরদের অভিযুক্ত করে পত্রিকায় খবর ছাপা হয়। এ ছাড়া রাস্তা খোঁড়াখুঁড়িসহ নানা কাজে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কথাও তুলে ধরেন তারা। কাউন্সিলরদের বক্তব্যের জবাবে মন্ত্রী তাদের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘আমরা সমস্যাগুলো চিহ্নিত করতে চাই। আপনারা পরামর্শ দিন।’ মন্ত্রী প্রশ্ন করে বলেন, ‘রাস্তা কাটা হবে, সেটা সমন্বয়ের মাধ্যমে নয় কেন?’

মন্ত্রী বলেন, ‘সমস্যাগুলোকে মাথায় নিয়েই আমাদের পরিকল্পনা করতে হবে। সেটার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন চাহিদা অনুযায়ী আইন তৈরি হয়েছে। আইন যেহেতু জনগণের প্রয়োজনে, সেহেতু এগুলো পরিবর্তন হতেই পারে।’

সভাপতির বক্তব্যে সরকারি সংস্থাগুলোর অসহযোগিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মেয়র সাঈদ খোকনও। তিনি বলেন, ‘ওয়াসা ও রাজউকের প্রধানরা কিছু বিষয়ে সহযোগিতা করলেও দুঃখজনক ব্যাপার হলো, অন্যান্য সংস্থার প্রধানরা আমাদের সভাগুলোতে উপস্থিতও হন না। তারা এমন সব প্রতিনিধি প্রেরণ করেন, যারা সিদ্ধান্ত দেওয়ার কিংবা সভায় বসার যোগ্যতাও রাখে না।’

মন্ত্রীর উদ্দেশে সাঈদ খোকন বলেন, ‘আমাদের প্রচুর সমস্যা রয়েছে। কাউন্সিলরদের পদমর্যাদার দাবি রয়েছে। তা নির্ধারণ করে তাদের কাজের মূল্যায়ন আপনি করে দেবেন। তাদের দাবিদাওয়া পূরণ করে কাজে গতিশীলতা এনে দেবেন।’

আধুনিক নাগরিক সেবা নিশ্চিতে নগর সরকারের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রীর উদ্দেশে সাঈদ খোকন বলেন, ‘ক্ষুদ্র পরিসরে হলেও নগর সরকারের যাত্রা শুরু করার সময় এখনই। আপনি এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলে ঢাকাবাসী সারাজীবন আপনাকে কৃতজ্ঞতা নিয়ে স্মরণ করবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এস এম গোলাম ফারুক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থপতি মোবাশ্বার হাসান প্রমুখ।