আগামী পহেলা বৈশাখ থেকে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারের সময় ৩ ঘণ্টা বেড়ে ৯ ঘণ্টা হবে বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন। রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘চট্টগ্রামের অর্থনৈতিক কার্যক্রম আগামী ৫ বছরে দ্বিগুণ হবে। আগামী পহেলা বৈশাখ থেকে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে ৯ ঘণ্টা সম্প্রচার শুরু হবে। কয়েক মাস পর ১২ ঘণ্টায় উন্নীত হবে। আগামী বছর এটি বিটিভির দ্বিতীয় টেরিস্ট্রিয়াল চ্যানেল হিসেবে সারা দেশে সম্প্রচারিত হবে।’
তথ্যমন্ত্রী বলেন, অনলাইন মিডিয়া এখন পৃথিবীর বাস্তবতা। আমি নিজেও অনলাইনে থাকি। পত্রিকা এক দিন পর যা ছাপে অনলাইনে তা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। তবে সারা দিন অনলাইনে থাকলেও সকালে এক ঘণ্টা পত্রিকা না পড়লে দিনের কাজ শুরু করেছি বলে মনে হয় না। দেশের অনেক অনলাইন রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সংবাদ পরিবেশন করছে, কিন্তু কিছু অনলাইন সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে এ দায়বদ্ধতা মানছে না। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেন, চট্টগ্রাম এগিয়ে যাওয়া মানে পুরো বাংলাদেশ এগিয়ে যাওয়া। তাই চট্টগ্রামের সম্ভাবনা ও সমস্যাগুলো সঠিকভাবে গণমাধ্যমে তুলে ধরা হলে নীতিনির্ধারকরা তা থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।