২১ আগস্ট গ্রেনেড হামলা আরিফুলের সাজা কেন বাতিল নয় : হাইকোর্ট

একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা দুই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. আরিফুল ইসলাম ওরফে আরিফের সাজা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। ওই মামলায় সাজার রায় বাতিল চেয়ে করা দুটি আবেদনের শুনানি নিয়ে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। একই সঙ্গে তার জরিমানার আদেশও স্থগিত করেছে আদালত। আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান; রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। কাউন্সিলর আরিফুল বর্তমানে কারাগারে। আরিফুলের আইনজীবী এসএম শাহজাহান বলেন, নিম্ন আদালতের রায়ের প্রত্যয়িত অনুলিপি আরিফুল নির্ধারিত সময়ে সংগ্রহ করতে পারেননি। তাই জেল আপিল ও নিয়মিত আপিল করতে পারেননি। এ কারণে ওই মামলায় তাকে দেওয়া যাবজ্জীবন সাজা বাতিল চেয়ে আরিফুল দুটি আবেদন করেন। হাইকোর্ট রুল দিয়ে পৃথক মামলায় ৫০ হাজার টাকা করে তাকে দেওয়া জরিমানার আদেশ স্থগিত করেছেন। ওই মামলায় আসামিদের ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) সঙ্গে এই আবেদনের ওপর চূড়ান্ত শুনানি হবে।